আর ২ কিলোমিটার... ঘরে ফেরা হলো না প্রবাসী সোহেলের

মাত্র ২ কিলোমিটার দূরে ছিল নিজের বাড়ি। কিন্তু তার আগেই সব থেমে গেল চিরতরে। বেপরোয়া গতির একটি ট্রাক কেড়ে নিল প্রবাসী মো. সোহেলের (৩৬) প্রাণ। শনিবার (১২ জুলাই) মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় মৌচাক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সোহেল গাজীপুর জেলার কাপাসিয়া থানার চালার গ্রামের মৃত কাজী জিয়ারতউল্লার ছেলে। তিনি পরিবারসহ ঢাকার যাত্রাবাড়ি থানার রায়েরবাগ এলাকায় বসবাস করতেন। ব্যক্তিগত মোটরসাইকেলে করে তিনি সিলেটের আশুগঞ্জে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

র‌্যাব-১১-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল যখন মৌচাক ফুটওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলেন, তখন পেছন থেকে একটি বেপরোয়া ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় সোহেল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাপে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পরপরই র‌্যাব-১১ এর একটি টিম ধাওয়া করে ঘাতক ট্রাকসহ চালক মাহাবুর শেখ ও সহকারী মেহেদী হাসানকে আটক করে। তারা দুজনেই রাজশাহী জেলার পুঠিয়া থানার বাসিন্দা।

জানা গেছে, মাত্র ছয় মাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন মো. সোহেল। পরিবার, স্বজন আর স্বপ্ন নিয়ে ফেরার পর এটি ছিল তার আরেকটি স্বপ্নযাত্রা—যা আর পূর্ণ হলো না।

এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। প্রবাসে থাকা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবও শোকাহত। প্রিয়জনের এমন আকস্মিক বিদায়ে হতবিহ্বল হয়ে পড়েছে তার পরিবার।