প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বিশ্ব মডেল ----------------------------- এডিবি কান্ট্রি ডিরেক্টর

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেছেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে মডেল। ২০১৯ সালের প্রবৃদ্ধিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে এগিয়ে রয়েছে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়, সবজি রপ্তানিতে তৃতীয়, ধান উত্পাদনে চতুর্থ আর আম উত্পাদনে সপ্তম। বাংলাদেশের গড় আয়ু দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। তিনি জানান, বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে গতি বেড়েছে, অর্থ ছাড়ও বাড়ছে। এডিবি ইতিমধ্যেই বাড়তি সহায়তা দিচ্ছে। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  দুই দিনব্যাপী গুড প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আগামীতে বাংলাদেশের যোগাযোগ খাতে আরো সহায়তা বাড়াতে চায় এডিবি। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রেল যোগাযোগ। দুই দিনের এই সম্মেলনে ভারত, ভুটান, ইন্দোনেশিয়া, নেপাল এবং শ্রীলঙ্কার প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতাও তুলে ধরা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, আমাদের দারিদ্র্যতা আছে, বৈষম্য আছে। এর পাশাপাশি নদী দূষণ আছে, নদী ও খাল দূষণ হচ্ছে তারপরও আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের সহযোগিতা প্রয়োজন। ইআরডির সচিব মনোয়ার আহমেদ বলেন, বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের দারিদ্র্য নিরসনে ভূমিকা রেখেছে এডিবি। এই ফোরাম অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। উল্লেখ্য, এডিবি অর্থায়নে দেশে বিভিন্ন খাতে ৫৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রকল্প পরিচালকরা (পিডি)। চলমান এসব কাজে যেসব পিডি ভালো দক্ষতা দেখাচ্ছেন, তাদের পুরস্কৃত করবে এডিবি।