নওগাঁয় ছাত্রদলের স্লোগান: ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’

‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টারিম কী করে’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল নওগাঁ শহর। সোমবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে নওগাঁ জেলা ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড়ের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা। বক্তারা বলেন, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে যেভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ড সংঘটিত করে উল্লাস করা হয়েছে, তা জঘন্য ও মানবতাবিরোধী। নওগাঁ জেলা ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি গোপন সংগঠন দেশজুড়ে গোপন তৎপরতার মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এসবের জন্য সরকারকেই দায় নিতে হবে।

ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সোহাগ হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। বিচার না হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, ছাত্রনেতা আবু সালেহ স্নেহ, ফায়সাল আজম অলি, হাফিজুর রহমান আকাশ, আজিজুল ইসলাম, তাইজুল ইসলাম তাজ, মনোয়ার হোসেন রাঙ্গা, শাজাহান বাদশা, আল-আমিন বাদশা, হৃদয় মাহমুদ, মুন, সঞ্জীবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।