গেটম্যান না থাকায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো ট্রাক

কক্সবাজারের চকরিয়ায় রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় পেকুয়া সড়কের রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ট্রাকটির সামনের কেবিন অংশ ছিন্ন হয়ে পড়ে এবং গাড়িটি সম্পূর্ণভাবে বিকৃত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনটি চকরিয়া স্টেশন অতিক্রম করার সময়, পেকুয়া থেকে আসা একটি মালবোঝাই ট্রাক রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে ট্রেনটি সরাসরি ট্রাকটিকে ধাক্কা দেয়। গেটম্যান না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দারা জানান, চকরিয়া-পেকুয়া সড়কের মছনিয়াকাটা রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে গেটম্যান নেই। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।