বরিশালের গৌরনদীতে স্বাস্থ্যসেবায় দুর্নীতি, দায়িত্বে গাফিলতি, টেস্ট বাণিজ্য এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় আন্দোলনকারীরা ‘আমরা ব্যবসায়ী নয়, ডাক্তার চাই’, ‘সরকারি হাসপাতাল নয়, হয়েছে কমিশন ক্লিনিক’, ‘মনিরুজ্জামান হটাও, স্বাস্থ্যসেবা বাঁচাও’—এমন স্লোগানে মুখরিত করে তোলেন গোটা মহাসড়ক। বিক্ষুব্ধরা ডা. মনিরুজ্জামানের কুশপুত্তলিকাও দাহ করেন। কর্মসূচির ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ডা. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালের ল্যাব উপেক্ষা করে কমিশনের আশায় নির্দিষ্ট কিছু প্রাইভেট ক্লিনিকে রোগীদের পাঠান। প্রেসক্রিপশনে ‘৭ নম্বর’ লিখে বাইরে পরীক্ষার পরামর্শ দেওয়া হয়, যেখানে তিনি কমিশন পান বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ রোগীদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
গৌরনদী পৌর যুবদল নেতা নুর উদ্দিন বুদ্ধি বলেন, ডা. মনিরুজ্জামান সেবা দিতে নয়, কমিশন নিতে হাসপাতালে আসেন। ছাত্রজনতা এর আগেও তার কক্ষ থেকে একাধিক প্রাইভেট ল্যাবের রসিদ জব্দ করেছে। এমন একজন কর্মকর্তার অধীনে স্বাস্থ্যসেবা নিরাপদ নয়।
বিক্ষোভ চলাকালে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত তারা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন এবং গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া। তারা আন্দোলনকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে শুধু সড়ক অবরোধ নয়—আমরা উপজেলা নির্বাহী অফিস এবং ভূমি অফিস ঘেরাও করব। এবার জনতার ধৈর্যের বাঁধ ভাঙবেই।
প্রতিবাদের একপর্যায়ে, কোনো বক্তব্য না দিয়েই চুপিসারে হাসপাতাল ত্যাগ করেন অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান।