দীর্ঘদিন সংস্কারহীন পড়ে থাকা সড়কের দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচির আয়োজন করলো লক্ষ্মীপুরবাসী। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রতীকী ‘গায়েবানা জানাজা’ পড়েন বিক্ষুব্ধ জনতা।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো বছরের পর বছর সংস্কার ছাড়া পড়ে রয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় যান চলাচল বিপর্যস্ত। জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। আমরা বারবার সওজের নির্বাহী প্রকৌশলীকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এসময় বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন, জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, ছাত্রনেতা মো. সারোয়ার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনের পথে যাবো। জনগণের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাবে।
এ বিষয়ে জানতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম-এর কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি।