নিখোঁজ যুবদল নেতাকে ফিরে পেতে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম (৩০) নিখোঁজ হওয়ার ১৪ দিন পার হলেও এখনো সন্ধান না মেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কেন্দুয়া পৌর শহরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, ১৪ দিন হয়ে গেলেও আমাদের নেতা শামীমের কোনো সন্ধান নেই। আমরা চাই, তিনি যেন সুস্থ ও অক্ষত অবস্থায় দ্রুত পরিবারের কাছে ফিরে আসেন। প্রশাসনের প্রতি আমাদের এখনো আস্থা রয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তারা তাকে খুঁজে বের করতে পারবে।

এদিকে, যুবদল নেতা শামীমকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণ্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের আক্কাস মিয়ার ছেলে রফিকুল ইসলাম শামীম গত ২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মডেল বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন (৩ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজের তিন দিন পর (৫ জুলাই) রাতে স্থানীয় গৈচাসিয়া এলাকার একটি খাল থেকে শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।