ভলকার তুর্ককে ‘মার্কিন-ইউরোপীয় এজেন্ট’ বললেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাজকে অদক্ষ বলে সমালোচনা করেছেন এবং তাকে 'মার্কিন সরকার এবং সাম্রাজ্যবাদী ইউরোপের এজেন্ট' বলে অভিহিত করেছেন।

ভেনেজুয়েলার টেলিসুর টেলিভিশন চ্যানেলের প্রতিবেদন অনুসারে, মাদুরো ভলকার তুর্ককে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের কারাগারে ২৫২ জন ভেনেজুয়েলার নাগরিককে নির্বাসনের পরিস্থিতিতে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছিলেন। তুর্ক এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো তা পালন করেননি। ভেনেজুয়েলার সেই নাগরিকরা এখনো এল সালভাদরে আটক রয়েছেন।

মাদুরো বলেন, 'কেন ভলকার তুর্ক কিছুই করছেন না? তিনি মার্কিন সরকার এবং সাম্রাজ্যবাদী ইউরোপের একজন এজেন্ট।'

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ়ভাবে দাবি করে আসছেন, তাদের অভিবাসন নীতি কঠোর করা উচিত। এইভাবে তিনি মার্কিন ইতিহাসে 'অবৈধ অভিবাসীদের সবচেয়ে বড় নির্বাসনের' পরিকল্পনা ঘোষণা করেন।

এরই প্রেক্ষিতে ২৫০ জনেরও বেশি ভেনেজুয়েলার নাগরিককে কোনো আদালতের রায় ছাড়াই এল সালভাদরে নির্বাসিত করা হয় এবং কঠোর নিরাপত্তার কারাগারে রাখা হয়েছে।

সেই সঙ্গে ২০২৫ সালের শুরু থেকে ৪ হাজারেরও বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় বহিষ্কার করা হয়েছে। ৩০ মে মার্কিন সুপ্রিম কোর্ট ভেনেজুয়েলা, হাইতি, কিউবা এবং নিকারাগুয়া থেকে ৫ লাখ অভিবাসীর মানবিক আইনি মর্যাদা কেড়ে নেওয়ার রায় দেয়।