‌‘গুজবে বিভ্রান্ত হবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না’

মাদারীপুরে নতুন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সঙ্গে মাদারীপুর জেলার সকল থানার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ জুলাই) সকাল ১১টায় জেলা পুলিশ লাইনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীদের সহায়তা কামনা করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, স্কুল চলাকালীন সময়ে কোন শিক্ষার্থী ইউনিফর্ম পরিধান করে লেকেরপাড় অথবা বাইরে ঘোরাফেরা করতে পারবে না এবং কম্পিউটার ও ইন্টারনেট ব্যবসায়ীর হার্ড ড্রাইভে কোন পর্নোগ্রাফি পাওয়া গেলে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। জেলার মাদক ও দুর্নীতি রোধের লক্ষে বিভিন্ন কৌশল এবং গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। 

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে, গণপিটুনি দিয়ে হত্যা এবং গুজব ছড়িয়ে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা ফৌজদারী অপরাধ। এই সকল অপকর্ম রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার। 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (জেলার বিশেষ শাখা) মো. আ. হান্নান, অফিসার ইনচার্জ (ডিবি) আবু নাঈম। নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান গত ২২ জুলাই সোমবার মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৪তম ব্যাচের মাধ্যমে চাকরিতে প্রবেশ করেন।   

ইত্তেফাক/এমআই