‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নোয়াখালীতে বিআরটিএর সচেতনতামূলক রোড শো

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নোয়াখালী সার্কেলের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে পোস্টার ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। নোয়াখালী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত রোড শোতে সড়ক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণকারীরা পরিবহন চালক, মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তা তুলে ধরেন।

বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এই রোড শো কর্মসূচিতে সড়ক নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি চালক-মালিক, যাত্রী-পথচারী এবং অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন বিআরটিএ, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব রায়হানা আক্তার উর্থী।
এসময় উপস্থিত ছিলেন- মোটরযান পরিদর্শক জনাব মাহবুব রাব্বানী; সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়; ট্রাফিক ইন্সপেক্টর জনাব আবু সাদাত মোহাম্মদ কামরুল ইসলাম বেগ; বিভিন্ন পরিবহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএর এই ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।