খাঁচা ছেড়ে মুক্ত আকাশে ডানা মেললো ৮০ টিয়া, কারাগারে দুজন

পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে আটক রাখা ৮০টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। টিয়া পাখি আটকে রাখার দায়ে দুজনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

সবশেষ বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা চত্বরে পাখিগুলো মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। এর আগে উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- যশোরের বাসিন্দা শওকাত (৭০) ও খুলনার বাসিন্দা কামরুল শেখ। এদের মধ্যে শওকাতের ২০ দিন এবং কামরুলের তিনদিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এবং পুলিশ বাহিনী সহায়তায় বুধবার দিনভর অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ। অভিযানে পাল্ম হেডেড পারাকিট ও রোজ রিং জাতের ৮০টি টিয়া পাখি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখিগুলো বুধবার রাত  ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর উপস্থিতিতে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

এ সময় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৬ (১) ধারা লঙ্ঘনের অপরাধে ও অবৈধভাবে টিয়া পাখি ধরার অপরাধে দুজনকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।