চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের অভিযানে পুকুর থেকে দুটি বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় আব্দুল মজিদ (৪২) নামের একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম আহমদ চৌধুরীর বাড়ির একটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আটক আব্দুল মজিদ মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকুরে ঘাটের নিচ থেকে একটি দেশীয় এলজি, একটি তুর্কির তৈরি একনলা বন্দুক, আট রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।