মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি সড়কের একটি ফ্ল্যাট বাসা থেকে নয়ন হাওলাদার (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে এসএম নাসিরউদ্দিনের ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার একটি রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফ্ল্যাটের আরেকটি বদ্ধ রুম থেকে অক্ষত অবস্থায় শাওন সরদার (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত নয়ন হাওলাদার শহরের আসমত আলী খান সড়ক এলাকার মো. মাইনুদ্দিন হাওলাদারের ছেলে। আটক শাওন সরদার শহরের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই মাস আগে ফল ব্যবসায়ী নয়ন হাওলাদার তার দুই সহযোগীকে নিয়ে শকুনি লেকের দক্ষিণ পাড়ের এসএম নাসিরউদ্দিনের ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। সম্প্রতি বাড়ির কেয়ারটেকার ওবায়দুর রহমান বাসা ভাড়া চাইতে গেলে তারা টালবাহানা শুরু করেন। এক সপ্তাহ ধরে নয়নের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্ল্যাটের ভেতর থেকে একজনের চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে নয়নের মরদেহ উদ্ধার করে। একই সময়ে আরেকটি বদ্ধ কক্ষ থেকে অক্ষত অবস্থায় শাওন সরদারকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাওন সরদারকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।