‘সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতায় গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা হয়েছে’

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কাঁচপুরে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলটির অভিযোগ, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতায়ই এমন ‘ন্যাক্কারজনক হামলার’ ঘটনা ঘটেছে।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মাওলানা মমিনুল হক সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কাঁচপুর পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় বালুর মাঠে।

এর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করলে তারা এমন দুঃসাহস দেখাতে পারত না। যারা এখনও প্রশাসনের ভেতরে বসে ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে আছে, তাদের চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে।’

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি জনগণের শান্তি ও ন্যায়ের প্রতীক হিসেবে তিনি ‘দাড়িপাল্লা’ প্রতীকে ভোট চান।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। তিনি বলেন, ‘জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, শান্তি বজায় থাকবে এবং বেকারত্ব কমে আসবে।’

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের তদারককারি আবু সাঈদ মো. মুন্না, সোনারগাঁ উপজেলা উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া, দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, রূপগঞ্জ আসনের প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা এবং আড়াইহাজার আসনের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা প্রমুখ।