অপেক্ষার অবসান, আসছে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫

তিন বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 'স্ট্রেঞ্জার থিংস' ভক্তদের জন্য সুখবর। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজটির পঞ্চম ও চূড়ান্ত সিজনের প্রথম ট্রেলার বুধবার প্রকাশিত হয়েছে। আবারও পর্দায় ফিরছে ‘হকিন্স গ্যাং’। টিজারে চোখ রাখতেই যেন পুরনো সব স্মৃতি ফিরে এসেছে দর্শকদের মনে—আবার শুরু হচ্ছে রহস্য, ভয় আর উত্তেজনায় মোড়া এক দুঃসাহসিক অভিযান।

প্রায় তিন মিনিটের এই ট্রেলার মাত্র ১৭ ঘণ্টায় নয় মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। ট্রেলারটি শুরু হয়েছে ১৯৮৭ সালের শরতের হকিন্স শহরে। দেখা যায়, হকিন্স এখন মিলিটারি কোয়ারেন্টাইনে। এলেভেন আবারও সরকার কর্তৃক তীব্রভাবে খোঁজার মুখে, আছেন আত্মগোপনে। লুকাস কোমায় থাকা ম্যাক্সের পাশে হাসপাতালের বিছানায় বসে আছে। অন্যদিকে, এডি মনসনের কবর ভাঙচুরের চিহ্ন। পাশাপাশি, ডেমোগরগনদের তাণ্ডব, পরিচিত মুখগুলোর যুদ্ধ, ও নতুন হুমকির আভাসে ট্রেলারজুড়ে রোমাঞ্চ ছড়িয়ে পড়ে।

এলেভেনের আরও শক্তিশালী ক্ষমতার আভাস, রেডিও-তরঙ্গ সংক্রান্ত পুরনো গবেষণার ফিরতি দৃশ্য এবং নতুন চরিত্র ড. কে (অভিনয়ে ‘টার্মিনেটর’খ্যাত লিন্ডা হ্যামিলটন)-এর উপস্থিতি একসাথে ভবিষ্যতের ভয়াবহ সংঘাতের ইঙ্গিত দেয়।

কখন আসছে সিজন ৫?

সিজনটি থাকবে মোট আটটি পর্বে। তবে তিনটি ভাগে মুক্তি পাবে:

  • প্রথম চারটি পর্ব: ২৬ নভেম্বর

  • পরবর্তী তিনটি: বড়দিনে

  • চূড়ান্ত ফিনালে: ৩১ ডিসেম্বর, নববর্ষের রাতে

পর্বগুলোর নাম

১. The Crawl 
২. The Vanishing of … 
৩. The Turnbow Trap
৪. Sorcerer 
৫. Shock Jock
৬. Escape from Camazotz
৭. The Bridge
৮. The Rightside Up

কে কে থাকছেন অভিনয়ে?
প্রথম দিকের প্রায় সব পরিচিত মুখই ফিরছেন:
মিলি ববি ব্রাউন, ফিন উল্ফহার্ড, গ্যাটেন মাতারাজ্জো, ক্যালেব ম্যাকলাফলিন, স্যাডি সিংক ও নোয়া শ্ন্যাপ। সঙ্গে থাকছেন প্রাইয়া ফার্গুসন, জো কেরি, নাটালিয়া ডায়ার, চার্লি হিটন, মায়া হক, জেমি ক্যাম্পবেল বাওয়ার, উইনোনা রাইডার এবং ডেভিড হারবার।

নতুনদের তালিকায় আছেন নেল ফিশার, জেক কনেলি, অ্যালেক্স ব্রিও এবং বিশেষ করে লিন্ডা হ্যামিলটন, যিনি নিজেও সিরিজটির পুরনো ভক্ত।

আগের সিজনে কী ঘটেছিল?
২০২২ সালের জুলাইয়ে প্রকাশিত সিজন ৪-এর শেষে, হকিন্স ল্যাবে এলেভেনের মুখোমুখি হন ‘পিটার’-এর, যিনি পরে ভেকনা (আসল নাম হেনরি ক্রীল) হিসেবে পরিচিত হন। এলেভেন তার ক্ষমতা পুনরুদ্ধার করে ভেকনাকে হারিয়ে ‘আপসাইড ডাউন’-এ পাঠান। কিন্তু হকিন্সে ভেকনা ম্যাক্সকে ভয়ানকভাবে আক্রমণ করে, তার অঙ্গভঙ্গি ভেঙে দেয়। এলেভেন তার মনোশক্তি দিয়ে ম্যাক্সকে বাঁচালেও, সে কোমায় চলে যায়।

এদিকে, এডি মনসন ‘আপসাইড ডাউন’-এ গিটার বাজিয়ে ভেকনার ডেমোব্যাটদের ধোঁকা দিয়ে সাহসিকতার সঙ্গে আত্মত্যাগ করে। কিন্তু শহরবাসী তাকে ভুল বোঝে। ফিনাল পর্বের শেষে দেখা যায়, হকিন্স শহরটিকে বিশাল আগ্নেয় গহ্বর ফুঁড়ে ফেলা হয়েছে—যা ইঙ্গিত দেয়, ‘আপসাইড ডাউন’ পৃথিবীর সঙ্গে একীভূত হতে শুরু করেছে।

ড. ব্রেনারও তখন নিহত হন। এলেভেন মুক্ত হলেও মানসিকভাবে বিপর্যস্ত। শেষ দৃশ্যে সবাই যখন আবার জড়ো হয়, তখন বোঝা যায়, সামনে অপেক্ষা করছে এক ভয়াবহ চূড়ান্ত যুদ্ধ।