চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি বসত ঘরে তল্লাশি চালিয়ে এক লাখ পিস উদ্ধার করেছে র্যাব। এ সময় মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, মনোয়ারা ও তার পরিবারের সদস্যরা মাদক কারবারে সম্পৃক্ত। কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা সরবরাহ করেন। ইয়াবা মজুদের খবরে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে পারুয়া গ্রামে আনোয়ার মাঝির বাড়িতে অভিযানে যায়। এসময় বাড়িতে থাকা কয়েকজন পালিয়ে গেলেও মনোয়ারাকে আটক করে র্যাব সদস্যরা।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এম. আর. এম মোজাফফর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনোয়ারা জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে। পরবর্তীতে এগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার হওয়া ইয়াবাসহ তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।