পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, চুক্তিতে একমত হামাস-ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের বিষয়ে ফিলিস্তিনি আন্দোলন হামাস এবং তেল আবিব সরকার একটি চুক্তিতে পৌঁছেছে। শুক্রবার (১৮ জুলাই) মিশরীয় দৈনিক এল-ওয়াতানকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

এল-ওয়াতান জানিয়েছে, ইসরায়েল গাজার দক্ষিণ অংশে অবস্থিত একটি কৌশলগত এলাকা 'মোরাগ অক্ষ' ত্যাগ করতে সম্মত হওয়ার পর উভয় পক্ষই ইসরায়েলি সেনা ইউনিটগুলো প্রত্যাহারের রূপরেখা তৈরির বিষয়ে একমত হয়।

আগের দিন বৃহস্পতিবার হামাসের ঘনিষ্ঠ মান সংবাদ সংস্থা জানিয়েছে, হামাস গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের জন্য একটি 'আপডেটেড পরিকল্পনা' গ্রহণ করেছে। কাতারের দোহায় অনুষ্ঠিত বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে পরোক্ষ আলোচনার সময় এই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছিল।

মানের উদ্ধৃত সূত্রগুলো হামাসের এই প্রতিক্রিয়াকে অবরুদ্ধ অঞ্চলের পরিস্থিতি সমাধানের লক্ষ্যে আলোচনা প্রক্রিয়ার একটি 'বড় পদক্ষেপ' হিসাবে বর্ণনা করেছে।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, গাজা নিয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি ঘোষণা করতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ (যিনি যুক্তরাষ্ট্রের পক্ষে সংলাপ তত্ত্বাবধান করেন) শিগগিরই দোহায় আসবেন বলে আশা করা হচ্ছে।

৭ জুলাই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট নিশ্চিত করেছেন, গাজা উপত্যকায় সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে আলোচনার জন্য উইটকফ আগামী দিনে কাতার ভ্রমণ করবেন।

পরে সৌদি টিভি চ্যানেল আল অ্যারাবিয়া জানিয়েছে, মার্কিন বিশেষ দূত এখনো দোহায় চলমান পরামর্শে অংশ নেননি। আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পরে তিনি সেখানে পৌঁছানোর পরিকল্পনা করছেন।

৬ জুলাই দোহায় মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েল পুনরায় আলোচনা শুরু করে। আলোচনায় গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছানো এবং সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার ওপর আলোকপাত করা হয়।