কালিয়াকৈরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৫

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী একটি ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—গাজীপুর জেলার শ্রীপুর থানার কেউরা পশ্চিম খণ্ডগ্রামের শফিকুল ইসলাম (৫৩), বগুড়া জেলার আলী ঈশ্বরঘাট এলাকার সাদেক আলীর মেয়ে নাসরিন নাহার (৩০) এবং মুক্তার আলী (৬০)। নিহত বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।