লক্ষ্মীপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে সদর উপজেলার চর আলী হাসান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, রফিকুল ইসলাম ব্যাপারির ছেলে বাহার, দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন ও আবু তাহেরের ছেলে সাকিল। তারা সবাই সদর উপজেলার চর আলী হাসান এলাকায় বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার গৃহবধূ তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি শাকচর এলাকায় যাচ্ছিলেন। সাইফিয়া দরবার শরীফ এলাকায় পৌঁছুলে ওই গৃহবধূকে একা পেয়ে পার্শ্ববর্তি বাগানে নিয়ে ধর্ষণ করে বাহার, আল আমিন, সাকিল ও বাদশা। এ সময় মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে তারা এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য গৃহবধূকে ভয়ভীতি দেখায়।
এতেও ক্ষান্ত হয়নি ধর্ষকরা। গৃহবধূর মুঠোফোনে কল দিয়ে পুনরায় দেখা করার জন্য চাপ সৃষ্টি করে ধর্ষক বাদশা। অন্যথায় ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে বিষয়টি গৃহবধূর স্বামীর বাড়িতে জানাজানি হয়। পরে স্বামীর বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানায়।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন জানান, বিষয়টি জানার পর অভিযুক্ত চারজনের মধ্যে তিন ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: শ্যামনগরে ট্রলি উল্টে চালক নিহত
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া বলেন, ‘গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু