রাজধানীতে পেশাজীবীদের মৌন মিছিল, গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান

গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল করেছে পেশাজীবীরা।

শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে আয়োজিত এ মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কদমফুল ফোয়ারা, তোপখানা রোড ও পুরানা পল্টন ঘুরে আবার প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাহিদ বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে একটি চক্র ঘাপটি মেরে আছে। তারা চোরাই পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। জনগণ এই চক্রান্ত মেনে নেবে না।

তিনি আরও বলেন, তারেক রহমানকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। এটি রাজনৈতিক ভাষা নয়, বরং স্বৈরাচারের ভাষা।

সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেন, ১৮ বছর ধরে দেশের মানুষ ভোটের অধিকার ফেরত পেতে লড়াই করছে। এখনও সেই অধিকার নিশ্চিত হয়নি। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনও ফ্যাসিবাদের দালালরা বসে আছে, তাদের হটাতে হবে।

তিনি আরও বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ সকল কালা আইন বাতিল করতে হবে। মব জাস্টিস ও নেতাদের চরিত্র হননের নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। ফেব্রুয়ারির মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে, পেশাজীবীরা রাস্তায় নামতে বাধ্য হবেন।

এ সময় বক্তারা সকল শ্রেণির নাগরিকদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মিছিলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফর রহমান, সৈয়দ আলমগীর এমবিএ, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও জাকির হোসেন, সাবেক সচিব আবদুল বারি, শিক্ষাবিদ প্রফেসর ড. শামসুল আলম সেলিম, কৃষিবিদ শামীমুর রহমান শামিম, চিকিৎসক নেতা প্রফেসর ডা. রফিকুল ইসলাম লাবু, ডা. শফিকুল হায়দার পারভেজ, জাহানারা সিদ্দিকী, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার আবদুল হালিম, কৃষিবিদ ড. শফিকুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, মুরসালিন নোমানী, রাশেদুল হক, সাঈদ খান ডা. হারুন উর রশিদ রাকিব, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, ইঞ্জিনিয়ার ফকরুল আলম, ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন, ডা. লুৎফর রহমান লিটন, একে এম মূসা লিটন, বিপ্লবুজ্জামান বিপ্লব, কামরুজ্জামান কল্লোল, এবিএম রুহুল আমিন আকন্দ, আমিরুল বারি কানন, তানভিরুল আলম, খাজা মাইনুদ্দিন মঞ্জু, দবিরউদ্দিন তুষার ও হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।