তিন ইউরোপীয় শক্তিকে হুমকি-চাপের ‘জীর্ণ নীতি’ ত্যাগ করতে বলল ইরান

ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়নকে হুমকি ও চাপের ‘জীর্ণ নীতি’ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শুক্রবার (১৮ জুলাই) এক্স-পোস্টে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান কাজা কলাসের সঙ্গে একটি যৌথ টেলিকনফারেন্সে বক্তব্য দেওয়ার কথা জানান আরাঘচি।

তিনি বলেন, ২০১৫ সালে ইইউ’র সমন্বিত দুই বছরের আলোচনার ভিত্তিতে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রই সরে এসেছিল - ইরান নয়।

টেলিকনফারেন্সে ইরানি মন্ত্রী আরও বলেন, এই বছরের জুনেও আলোচনার টেবিল থেকে বেরিয়ে এসে সামরিক বিকল্প বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র - ইরান নয়।

তিনি আরও বলেন, যে কোনো নতুন আলোচনা তখনই সম্ভব, যখন অন্য পক্ষ একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী পারমাণবিক চুক্তির জন্য প্রস্তুত থাকবে।

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, যদি ইইউ বা ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন কোনো ভূমিকা রাখতে চায়, তাহলে তাদের দায়িত্বশীলভাবে কাজ করা উচিত। তিনি 'হুমকি ও চাপের জীর্ণ নীতিগুলো' বাদ দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান, যার মধ্যে 'স্ন্যাপ-ব্যাকও', যার জন্য তাদের কোনো নৈতিক ও আইনি ভিত্তি নেই।