চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নতুন একটি মসজিদ উদ্বোধনের সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মাওলানা মোহাম্মদ আজগর নামে এক খতিবের। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের দক্ষিণ কাথরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোহাম্মদ আজগর দক্ষিণ কাথরিয়ার আইল্লার বড় বাড়ির মোহাম্মদ জেবল হোসেনের পুত্র এবং স্থানীয় বাগমারা বাইতুন নূর জামে মসজিদের খতিব ছিলেন।
স্থানীয়রা জানান, নতুন মসজিদের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অনিক বড়ুয়া তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুযায়ী বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মাওলানা আজগরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপ্রাণ এই মানুষটির মৃত্যুতে স্থানীয় ধর্মীয় মহল ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক প্রকাশ করা হয়েছে।