সবচেয়ে বড় স্টেডিয়ামে হচ্ছে না ২০৩০ বিশ্বকাপ ফাইনাল

যৌথভাবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো আয়োজন করবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো দুই মহাদেশের এই তিন দেশে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা টুর্নামেন্ট হবে বলে মনে করছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ২০৩০ বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বার্সেলোনা, লিসবন, লাস পালমাস, মাদ্রিদ, আগাদির এবং জারাগোজার মতো শহরগুলোতে। 

এতোদিন গুঞ্জন ছিল, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম গ্র্যান্ড স্টেড হাসানে। যা মরক্কোর রক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার। যদিও এখনো স্টেডিয়ামটির কাজ সম্পূর্ণ হয়নি। 

গেল বছর স্টেডিয়ামটি নিমার্ণের কাজ শুরু হয়েছে। তবে বিশ্বকাপের আগেই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হবে। এছাড়াও ২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের জন্য প্রস্তাবিত স্টেডিয়াম ছিল বার্সেলোনার হোম ভেন্যু ন্যু ক্যাম্প এবং রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ২০৩০ বিশ্বকাপের ফাইনালের সম্ভব্য ভেন্যু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর গ্র্যান্ড স্টেড হাসানে ফাইনাল আয়োজন নিয়ে আগ্রহী নয় বিশ্বফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফাইনাল আয়োজনের জন্য ১ লাখ ধারণক্ষমতা সম্পূর্ণ ন্যু ক্যাম্প অথবা ৮৫ হাজার ধারণক্ষমতা সম্পূর্ণ সান্তিয়াগো বার্নাব্যু বেছে নেওয়া হতে পারে।