ব্রিজের আধা কিলোমিটার সংযোগ সড়ক কাঁচা, জনদুর্ভোগ চরমে 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীর উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়কে কাদার কারণে হাজারো মানুষ চলাচলের ভোগান্তির শিকার হচ্ছেন। 

জানা গেছে, উপজেলার কানসাট ও শ্যামপুর ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার্থে পাগলা নদীর উপর প্রায় ৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। তবে পশ্চিম পাশের আধা কিলোমিটার সংযোগ সড়ক এখনও কাঁচা থাকায় এই সড়কটি বর্ষাকালে চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। কাঁচা রাস্তার কারণে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ছোটখাট যানবাহন তো দূরের কথা, অনেক সময় পথচারীদেরও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
 
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘রাস্তা না থাকায় লোকজনকে ভিন্নপথে চলাচল করতে হচ্ছে। কখনও কখনও না জেনে সাইকেলে করে আইসক্রিম ওয়ালারা এ পথে আসলে ছোট ছেলে মেয়েদের সহায়তা নিয়ে তাদের সেতু পার হতে হয়। তবে বর্ষায় এ দুর্ভোগ আরও বাড়ে।‘ 

হাজারবিঘী গ্রামের জসিম উদ্দিন বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে যায়। তখন কোনো যানবাহনই চলাচল করতে পারে না। এমনকি পথচারীদের পড়ে গিয়ে হাত-পা ভেঙে যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুলগামী শিশুরা। একটু বৃষ্টি হলেই তারা আর ঘর থেকে বের হতে চায় না।‘

স্থানীয় বাসিন্দা সেলিনা বেগম বলেন, ‘এত টাকা ব্যয়ে ব্রিজ বানানো হলো, কিন্তু আমরা সেটা ব্যবহারই করতে পারছি না। কানসাট ব্রিজ আর শিবগঞ্জ বেইলী ব্রিজে যানজট লেগেই থাকে। বিকল্প পথ হিসেবে এই ব্রিজের ওপর আমাদের অনেক আশা ছিল, কিন্তু সেটিও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, হাজারবিঘী, শ্যামপুর, আজগুবি ও পূর্ব শ্যামপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন চার-পাঁচ কিলোমিটার ঘুরে চলাচল করছে, যা সময় ও অর্থ দুই দিক থেকেই অপচয়ের কারণ। মাত্র আধা কিলোমিটার সড়ক পাকা হলেই শ্যামপুর, দূর্লভপুর, মনাকষা ও বিনোদপুর ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষ উপকৃত হবে এবং কানসাটের যানজট অনেকটাই কমে যাবে।

শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ইত্তেফাককে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু হবে।’

উপজেলা নির্বাহী অফিসার  মো. আজাহার আলী বলেন, ‘শ্যামপুরেরন অংশ,হিসাবে এ ব্রিজটি হাজারবিঘি গ্রামকে সংযুক্ত করেছে। কিন্তু আধা কিলোমিটারের রাস্তাটি এখনো কার্পেটিং করা সম্ভব হয়নি। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি কানসাট বাজারকে সংযুক্ত করেছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি কার্পেটিং করে স্থায়ীভাবে চলাচলে উপযোগী করা হবে।’

 শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী বলেন, ‘ব্রিজটি হাজারবিঘী গ্রামকে শ্যামপুর অংশে সংযুক্ত করেছে। সংযোগ সড়কটি জনগুরুত্বপূর্ণ এবং এটি কানসাট বাজারের সঙ্গে সরাসরি যুক্ত। দ্রুত সময়ের মধ্যে সড়কটি কার্পেটিং করে চলাচলের উপযোগী করা হবে।’