শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি ৯৯.১৮ শতাংশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি ৯৯.১৮ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময় তিনি বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকাটা খুবই সুন্দর, আধুনিক ও যুগোপযোগী হয়েছে।

শনিবার (১৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, তৃতীয় টার্মিনালের জন্য জনবল নিরূপণ ছাড়াও যারা বিদেশে যাওয়া-আসা করেন, তাদের কি ধরনের সমস্যা হয়, ইমিগ্রেশনে ঝামেলা হয় কিনা- এসব দেখার জন্য আজকের বিমানবন্দর পরিদর্শন।

তিনি আরও বলেন, তৃতীয় টার্মিনালের অপারেশনাল ক্যাপাবিলিটি অনেক বেশি ও সুন্দর। বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে আগে যে ধরনের সমস্যা সৃষ্টি হতো, এটি চালু হয়ে গেলে এ ধরনের সমস্যা আর হবে না বলে আশা করা যায়। 

উপদেষ্টা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ছাড়াও টার্মিনাল ১ ও ২ পরিদর্শন করেন। তিনি এসময় যাত্রীদের খোঁজখবর নেন ও তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।