ঢাকায় গ্রেপ্তার বগুড়ার যুবলীগ নেতা আমিনুল ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় করা হত্যাসহ হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ মোট ২১টি মামলার আসামি যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলাম বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। এ ছাড়া গত বছরের ৫ আগস্ট পর্যন্ত তিনি বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

৫ আগস্টের পর ছাত্র–জনতার ওপর হামলা ও গুলির অভিযোগে ৯টি মামলায় আসামি করার পর তিনি আত্মগোপনে চলে যান আমিনুল ইসলাম।  তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে দুদক। এছাড়া বগুড়া সদর উপজেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মাহবুব আলম হত্যা মামলার প্রধান আসামি তিনি।

আমিনুল ইসলামকে বগুড়া ডিবির কার্যালয়ে রাখা হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের করা মামলাসহ আমিনুল ইসলামের বিরুদ্ধে মোট ২১টি মামলা তদন্তাধীন ও আদালতে বিচারাধীন। ছাত্র–জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় করা ৯টি মামলার পর তিনি পলাতক ছিলেন। পর্যায়ক্রমে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আগামীকাল রোববার তাঁকে আদালতে তোলা হবে।