আবর্জনার মধ্যে খাবারের সন্ধান করছে গাজার ক্ষুধার্ত শিশুরা

জীবন রক্ষাকারী ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়ায় দুর্ভিক্ষের মুখোমুখি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। অনাহারে থাকা বাসিন্দারা প্রতিনিয়ত মার্কিন-ইসরায়েল পরিচালিত ত্রাণকেন্দ্রে গিয়ে গুলি খেয়ে প্রাণ হারাচ্ছে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্ব খাদ্য প্রবেশের আহ্বান জানালেও ভ্রূক্ষেপ করছে না দখলদার ইসরায়েলি বাহিনী।

এমন পরিস্থিতিতে খাবারের কোনো বিকল্পও নেই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে। অনলাইনে শেয়ার করা এবং আল জাজিরার যাচাই করা একটি ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি অবরোধের কারণে ক্ষুধার মাত্রা বেড়ে যাওয়ার মধ্যে গাজার শিশুরা আবর্জনার মধ্যে খাবারের সন্ধান করছে।

আল জাজিরা জানিয়েছে, একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার আবর্জনার স্তূপের মধ্যে তিন জন ছোট ছেলে দাঁড়িয়ে কিছু খাচ্ছে এবং আবর্জনার টুকরো তুলছে।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি শিশু রাস্তায় আবর্জনার ব্যাগ খুলে খাবারের সন্ধানে তাড়াহুড়ো করে কিছু খুঁজছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, অভূতপূর্ব সংখ্যক অনাহারী মানুষ এই অঞ্চলের হাসপাতালের জরুরি বিভাগে আসছে। তাদের অনেকেই অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমানে খাদ্য সরবারহ না থাকায় গাজার ১৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

মৃত্যুর সংখ্যা বাড়ছেই

আল জাজিরা জানিয়েছে, আজ শনিবার গাজায় ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৬ জন সাহায্য চাইতে ত্রাণকেন্দ্রে জড়ো হয়েছিলেন।