ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'তরুণ লেখক সম্মেলন ২০২৫' । দিনব্যাপী এ আয়োজনে প্রথিতযশা লেখক, গবেষক, সাংবাদিক ও সম্পাদকবৃন্দসহ অংশ নেন দেশের প্রায় ৩৫টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখকরা। 

‘তারুণ্যের কলমে আগামীর দিশা’ প্রতিপাদ্য নিয়ে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এটি। উদ্ভোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই লেখক সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটা হলো আমাদের চেতনার, ভাষার এবং ভাবনার মিলনমেলা। 

তিনি আরও বলেন, লেখকেরা জাতির বিবেক। আপনারা কাগজে কলমে যেভাবে সময়, সমাজ ও সত্যকে লিপিবদ্ধ করেন, তা ভবিষ্যতের জন্য পথনির্দেশনা হয়ে থাকে। তাই, লেখালেখি হোক আরও বেশি মানবিক, আরও বেশি দায়িত্বশীল। আমাদের নগরায়ণ কিংবা শিল্প উন্নয়নের প্রতিটি ধাপে যেন সাহিত্য ও সংস্কৃতির ছোঁয়া থাকে—সেই প্রত্যাশায় থাকি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। দেশে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের স্বপ্ন তরুণরাই পূরণ করতে পারে। এজন্য তরুণদের লেখালেখিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। 

তিনি বলেন, লেখালেখি ও গবেষণার ক্ষেত্রে নির্মোহ থাকা জরুরি। বিভিন্ন পক্ষের মতামত যুক্তি-তর্কের মাধ্যমে বিশ্লেষণ করে লেখালেখি করতে হবে। লেখার মধ্যে সমসাময়িক প্রেক্ষাপটের যৌক্তিক প্রতিফলন থাকতে হবে।

সম্মেলনে লেখা প্রদর্শনী, মাইম শো, সেমিনার, ক্যারিয়ার গঠন বিষয়ক আলোচনা সভা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘সরসিজ’-এর মোড়কও উন্মোচন করা হয়।