দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব ওয়ানডে মানেই বাংলাদেশের জয়—এই ধারাবাহিকতা বজায় রাখল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। বেনোনিতে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১০৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগার যুবারা।
গত দশ বছরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি দ্বিপাক্ষিক যুব ওয়ানডে সিরিজ খেলে চারটিতেই জিতল বাংলাদেশ।
উইলোমুর পার্কে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে তোলে ২৬৫ রান। অধিনায়ক আজিজুল হাকিম ৯০ বলে করেন সর্বোচ্চ ৬৭ রান। ওপেনার জাওয়াদ আবরার করেন ৫৩ বলে ৫৭ রান, মারেন ৬টি ছক্কা। চার নম্বরে ব্যাট করতে নেমে রিজান হাসানও পান ফিফটি।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ৩০.২ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ১৬১ রানে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন জ্যাসন রোলেস।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন আল ফাহাদ, আজিজুল হাকিম ও স্বাধীন ইসলাম।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।