দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১২

দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে দেশব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আরও মৃত্যুর আশঙ্কা বাড়ছে, দুর্যোগ শুরু হওয়ার পর থেকে ১২ জন নিখোঁজ রয়েছে।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার (২০ জুলাই) গ্যাপিয়ংয়ের রিসোর্ট শহরে ভূমিধসে ঘরবাড়ি ভেসে যাওয়ায় দুইজন নিহত এবং চারজন নিখোঁজ হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, পৃথক ভূমিধসে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে ৪০ বছর বয়সী এক পুরুষের মৃতদেহ একটি সেতুর কাছে ডুবে যাওয়ার পর পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

রোববার ভোরে সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে গিয়ংগি প্রদেশের ওই এলাকায় প্রায় ১৭০ মিলিমিটার (৬.৭ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় কাউন্টি সানচেংয়ে, যেখানে বুধবার থেকে প্রায় ৮০০ মিমি (৩১.৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।

আজ ভোরে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় দুটি মৃতদেহ পাওয়া যায়, যার ফলে ৩৩ হাজার গ্রামীণ কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে এবং ছয় জন এখনো নিখোঁজ রয়েছে।

পার্শ্ববর্তী হ্যাপচিয়ন কাউন্টিতে ৬৯৯ মিমি (২৭.৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যেখানে নিকটবর্তী হাদং কাউন্টিতে ৬২১.৫ মিমি (২৪.৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়। ইয়োনহাপ জানিয়েছে, নিখোঁজ ১২ জনের মধ্যে দুই জন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াংজুর।

কর্তৃপক্ষের বরাত দিয়ে ইয়োনহাপ জানিয়েছে, তারা বন্যার ফলে রাস্তাঘাট, মাটির ক্ষয় এবং সরকারি স্থাপনা ধ্বংসের ১৯২০টি ঘটনা এবং ভবন ও কৃষিজমির মতো ব্যক্তিগত সম্পত্তির ক্ষতির ২২৩৪টি ঘটনা নথিভুক্ত করেছে।