২০২৪ সালের জুলাই মাসের উত্তাল রাজপথে যখন রাষ্ট্রীয় দমন-পীড়ন ও জনতার প্রতিরোধ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত ছিল, তখনই ইতিহাসের নিঃশব্দ দলিল হয়ে দাঁড়ায় এক আলোকচিত্রী—জীবন আহমেদ। তার ক্যামেরায় বন্দি হয় সেই সময়ের প্রতিটি শ্বাসরুদ্ধকর মুহূর্ত—ধাওয়া, গুলিবর্ষণ, রক্তাক্ত মিছিল, প্রতিরোধের মুখ।
তবে তিনি কেবল একজন পেশাদার আলোকচিত্রী ছিলেন না। এই আন্দোলনে তার ভূমিকা আরও গভীর, আরও জড়িত। তিনি নিজেই ছিলেন রাজপথে, রাষ্ট্রযন্ত্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য তুলে আনার সাহসী একজন অংশীজন। গুলিবিদ্ধ হয়েছেন, ঘরছাড়া থেকেছেন, তবুও সত্যের প্রতি অঙ্গীকার থেকে বিচ্যুত হননি।
জীবন আহমেদের তোলা ছবিগুলো এখন একটি বইয়ের রূপ পেয়েছে—"Witness to the Uprising"। বইটি কেবল ছবি নয়, আন্দোলনের বাস্তবতাকে বহুমাত্রিকভাবে তুলে ধরেছে তার নিজের দিনলিপি, অনুভব ও ভাষ্য-এর মাধ্যমে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত এই গ্রন্থটি হয়ে উঠেছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল।
‘Witness to the Uprising’ বইটি কেবল গুলির শব্দ ও প্রতিবাদের স্লোগান ধারণ করেনি, বরং এতে ধরা আছে আহতদের চিকিৎসার যন্ত্রণা, নিহতদের পরিবারগুলোর কান্না, এবং অভ্যুত্থান-পরবর্তী ছিন্নভিন্ন বাস্তবতা। এই বইয়ে পাঠক পাবেন একজন প্রত্যক্ষদর্শীর নয়, বরং একজন অংশগ্রহণকারী আলোকচিত্রীর আত্মকথামূলক দলিল।
জীবন আহমেদের ভাষ্যে উঠে এসেছে তার নিজের লড়াই—পেশাগত দায়িত্ব থেকে শুরু করে নৈতিক দায়বদ্ধতার যন্ত্রণা ও সাহসের নিরবিচার লড়াই। একসময় যিনি ক্যামেরার পেছনে ছিলেন, তিনিই হয়ে উঠেছেন অভ্যুত্থানের এক জীবন্ত স্মারক।
তিনি বলেন, এই বইয়ে আমি শুধু ছবি রাখিনি। আমি রেখেছি আমার চোখ, আমার ভয়, আমার সাহস আর আমার প্রতিজ্ঞা—সত্য কোনোদিন ঝাপসা হতে দেওয়া যাবে না।
২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে এক সন্ধিক্ষণের সূচনা করেছিল। তবে সেই স্বপ্ন কীভাবে ধীরে ধীরে ম্লান হয়ে যায়, কীভাবে রাষ্ট্রব্যবস্থা প্রতিশ্রুতি ভঙ্গ করে, তারও আবেগময় ও নির্মম দলিল হয়ে উঠেছে এই বই।
Witness to the Uprising বইটি প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। ঐতিহাসিক ও প্রামাণ্য এই গ্রন্থটি পাঠকদের সামনে তুলে ধরবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সময়ের দলিল।
বইটি এখন প্রি-অর্ডার করা যাচ্ছে। আগ্রহী পাঠকরা প্রি-অর্ডার করতে পারেন নিচের যেকোনো একটি উপায়ে: আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে ইনবক্স করুন ইউপিএল-এর ফেসবুক পেইজে। অথবা সরাসরি কল করুন: +৮৮০১৯১৭৭৩৩৭৪১। সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি।