সোমবার ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’, প্রদর্শন হবে ‘সাদা জোব্বা, লাল রক্ত’

জুলাই অভ্যুত্থানে রাজধানীর সড়কে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মাদ্রাসা শিক্ষার্থীরাও। বিশেষ করে যাত্রাবাড়ীর সড়ক রঞ্জিত হয়েছিল তাদের রক্তে। সেই আত্মত্যাগকে স্মরণ করে সোমবার (২১ জুলাই) প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে – ২০২৫’।

যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে এ আয়োজন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।

অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা বর্ণনা, ও বিভিন্ন সময়ের ছাত্র-আন্দোলনের প্রামাণ্য উপস্থাপন। কবিতা আবৃত্তি, হামদ-নাত, নাশিদ ও দ্রোহের গান পরিবেশনার পাশাপাশি প্রদর্শিত হবে দুটি তথ্যচিত্র—‘ছত্রিশে জুলাই’ এবং ‘সাদা জোব্বা, লাল রক্ত’।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘প্রতিরোধ ও পুনর্জাগরণ’ শীর্ষক একটি প্রতীকী ড্রোন শো।

অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ আরও কয়েকজন উপদেষ্টা, সচিব এবং শিল্প-সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।