নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৫

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল সায়দাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তারকে ঘিরে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে কোন্দল চলছিল। এর জেরেই, ভোরে বালুর চরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে ওই নারী নিহত হয়। এরপর রায়পুরার চরাঞ্চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে। সবশেষ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জানান, সকালে রায়পুর চরাঞ্চলে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।