যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার (২১ জুলাই) সকালে ল্যাংকাস্টার বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনায় একজন নিহত হন।
ল্যাংকাস্টার কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৮টার ঠিক আগে বিমানবন্দর রোডের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের একমাত্র আরোহী ছিলেন একজন পুরুষ। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, একটি 'পাইপার পিএ-৪৬' বিমান বিধ্বস্ত হয়েছে, যা একটি একক ইঞ্জিনের বিমান। ল্যাংকাস্টার বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়।
এক বিবৃতিতে পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, দুর্ঘটনাস্থলের নথিপত্র সম্পন্ন হওয়ার পর 'আরও মূল্যায়নের জন্য বিধ্বস্ত বিমানটিকে একটি নিরাপদ স্থানে নেওয়া হবে। '
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, বিমানটির নিবন্ধন নম্বরটি সাসেক্স কাউন্টির ডেলাওয়্যারের লুইস-ভিত্তিক একটি কর্পোরেশনের সঙ্গে।
গত মার্চ মাসে ল্যাংকাস্টার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর গ্রামীণ এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হলে পাঁচ জন আহত হন। সেই দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ আহত হননি, তবে বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।