গোপালগঞ্জে সংঘর্ষে নিহত সোহেল মোল্লার মরদেহ উত্তোলন

আদালতের নির্দেশে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত সোহেল মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

সোমবার (২১ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তদন্ত কর্মকর্তা, টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহত সোহেলের মরদেহের দুই পায়ে দুটি গুলির চিহ্ন এবং বুকে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৯ জুলাই) রাতে গোপালগঞ্জ থানায় সংঘর্ষ-সহিংসতার ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করে পুলিশ। মামলাগুলোতে মোট ৫ হাজার ৪০০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এনসিপির ঘোষিত সমাবেশ ঘিরে উত্তেজনার একপর্যায়ে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন।