আগৈলঝাড়ায় আয়রন ব্রিজে কাঠের পাটাতন, চলাচলে চরম দুর্ভোগ

বরিশালের আগৈলঝাড়ার ভদ্রপাড়ার ওয়াপদা খালের উপর ৩০ বছর পূর্বে নির্মিত আয়রন ব্রিজটির এখন বেহাল দশা। ব্রিজটির বিভিন্ন স্থানে গর্ত থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ২০ গ্রামের হাজারো মানুষ। দীর্ঘ এক দশক পার হলেও জরাজীর্ণ ব্রিজটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা গৈলা ইউনিয়নের রথখোলা-তালের বাজার সড়কের ভদ্রপাড়ার ওয়াপদা খালের উপর ৩০ বছর পূর্বে এলজিইডি বিভাগ থেকে ৯০ ফুট দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের ২০ বছর পর ব্রিজটির বিভিন্ন স্থানে ঢালাই ভেঙে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়, দুপাশের রেলিংও ভেঙে যায়। ঢালাই ও রেলিং ভেঙে পড়ার পর উপজেলা এলজিইডি বিভাগকে বারবার জানানো হলেও তারা সংস্কারের উদ্যোগ গ্রহণ না করায় স্থানীয়রা গর্তের মাঝে কাঠ দিয়ে মেরামত করে চলাচল করছে। আয়রন ব্রিজটির অধিকাংশ স্থানই বর্তমানে কাঠের পাটাতন দিয়ে ঘেরা। 

স্থানীয় ভ্যানচালক সুব্রত হালদার বলেন, প্রতিদিন লোকজন ও মালামাল নিয়ে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ বাধ্য হয়েই পার হচ্ছি। মাঝেমধ্যে দুর্ঘটনার স্বীকারও হচ্ছি।

স্থানীয় সিরাজ সরদার জানান, প্রায় ৩০ বছর পূর্বে ব্রিজটি নির্মাণ করা হয়েছিলো। ১০ বছর পূর্বে ব্রিজের মাঝে গর্ত সৃষ্টি হয় এবং রেলিং ভেঙে যায়। এরপরে স্থানীয়রা গর্তের মাঝে কাঠ দিয়ে একাধিকবার মেরামত করেছে। ফলে কোনো রকমে যানবাহন ও লোকজন চলাচল করতে পারছে। আমরা ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ব্রিজটি পুনঃনির্মাণের জন্য সম্প্রতি ঢাকার এলজিইডির প্রধান কার্যালয় থেকে আইবিআরপি প্রকল্পের পরিচালক শরীফ মো. জামাল উদ্দিন সরেজমিন পরিদর্শনে এসেছিলেন। ডিজাইনের কাজ শেষ হওয়ার পরে বরিশাল অফিস থেকে টেন্ডার আহ্বান করা হবে।