রাঙ্গামাটি তে চাঁদাবাজির অভিযোগে খোরশেদ আলম লিটন নামে এক যুবদল নেতাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশে দিয়েছে ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শাকিল। সোমবার (২১জুলাই) বিকেলে রাঙ্গামাটি মারী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
আটক খোরশেদ আলম লিটন রাঙ্গামাটি পৌর যুবদলের ৯নং ওয়ার্ডের আহবায়ক। ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শাকিল রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক।
স্টেডিয়াম এলাকার বাবুল ষ্টোর এর ওএমএস প্রতিনিধি এবং রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাকিল অভিযোগ করে বলেন, আমি রাঙ্গামাটি তে ওএমএস এর ব্যবসা পরিচালনা করি। যুবদল নেতা খোরশেদ আলম লিটন দীর্ঘদিন ধরে যুবদলের পরিচয় ব্যবহার করে আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। আজকেও আবারও চাঁদা নিতে এলে বাকবিতণ্ডার এক পর্যায়ে আমাকে বিভিন্ন হুমকি-ধামকি দেয়। তখন আমিসহ স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে হস্তান্তর করি।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, স্থানীয়রা এক যুবদলের নেতাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।