বিমান দুর্ঘটনায় হতাহতদের দ্বিতীয় টি-টোয়েন্টি উৎসর্গ করলো বিসিবি

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন অনেক। মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলায় হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি বিমান দুর্ঘটনায় হতাহতের উৎসর্গ করা হয়েছে।

বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচার বদলে ফেলেছে। শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ও বিসিবির লোগো রয়েছে। 

বোর্ড এক বিবৃতিতে গত রাতে লিখেছে, ‘মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের আগামীকালের (বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি) উৎসর্গ করা হবে। বাঘেরা এই শোকের সময় জাতির পাশে থাকবে।’ 

আজ সকালে ম্যাচটি মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের উৎসর্গ করার কথা নিশ্চিত করেছে। বিসিবি লিখেছে, ‘দুই দল। নীরবতার প্রশ্নে সবাই এক। কাঁদছে এক জাতি।’

বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় মিরপুরসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা আজ অর্ধনিমিত রাখা হবে। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। দুই দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিশিয়ালরা পরবেন কালো আর্মব্যান্ড। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলার সময় স্টেডিয়ামে কোনো গানবাজনা হবে না।