মাইলস্টোন ট্র্যাজেডি: এক মিনিট নীরবতা পালন দেশের সব আদালতের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগে এজলাসে দাঁড়িয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অপর ছয় বিচারপতি নীরবতা পালন করেন। এছাড়া উপস্থিত আইনজীবীরাও দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম শুরু করার আগে এক মিনিট নীরবতা পালন করা এবং বেলা দুইটা থেকে বিচারিক কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

এর আগে, সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমান এবং ভবনটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের অনেকেই হতাহত হয়েছেন।
 
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পরে বিজিবি ও সেনাবাহিনীও উদ্ধারকাজে যোগ দেয়। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। যার মধ্যে ২৫ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন শতাধিক শিক্ষার্থী ও আহত ব্যক্তি।