ইত্তেফাকে সংবাদ প্রকাশের জের

তাড়াশে দলিল লেখক সমিতির সেই সাবেক সভাপতির লাইসেন্স বাতিল

সিরাজগঞ্জের তাড়াশে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে ভূমি রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনটির সাবেক সভাপতি কামারুজ্জামানের লাইসেন্স বাতিল করা হয়েছে।

অভিযোগকারীদের লিখিত সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে গত সোমবার (২১ জুলাই) সভাপতি কামারুজ্জামানের দলিল লেখার লাইসেন্স বাতিল করা হয়।

এর আগে এ অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ২২ আগস্ট দৈনিক ইত্তেফাক অনলাইনে ‘তাড়াশে দলিল লেখক সমিতির বাড়তি অর্থ আদায়, জিম্মি সাধারণ মানুষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। 

সংবাদটি প্রকাশের পর তৎকালীন সিরাজগঞ্জ জেলা রেজিস্টার মো. জাহাঙ্গীর আলম সভাপতি কামারুজ্জামানের লাইসেন্স ব্যবহার করে দলিল লেখায় স্থগিতাদেশ দেন। এরপর চলতি বছরের ৩ জুলাই অভিযোগকারী ভূমি ক্রেতা মো. আব্দুল করিম,  মো. মুজিবুর রহমান, মো. আবু তালহা ও মোছা রোকসানা খাতুনের সাক্ষ্য গ্রহণ করেন তদন্ত কমিটি। সবশেষ সোমবার তার লাইসেন্স বাতিল করা হয়।

তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি কামারুজ্জামানের দলিল লেখার লাইসেন্স বাতিল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগী ভূমি ক্রেতা ও সাধারণ লোকজন জানিয়েছেন, তাড়াশ দলিল লেখক সমিতির সাবেক সভাপতি কামারুজ্জামানের লাইসেন্স বাতিলের মধ্য দিয়ে ভূমি ক্রেতারা প্রায় দুই যুগের জিম্মি দশা থেকে মুক্তি পেলেন।

সিরাজগঞ্জ জেলা রেজিস্টার  শরীফ তোরাফ হোসেন দৈনিক ইত্তেফাককে বলেন, তদন্ত প্রতিবেদনে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি  কামারুজ্জামানের অপরাধের শতভাগ সত্যতা পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় তার লাইসেন্স বাতিল করা হয়েছে।