গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে চোর সন্দেহে চার যুবককে আটকের পরে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় শান্ত (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
নিহত শান্ত নরসিংদী জেলার মাধবদী এলাকার মৃত জাকের মৃধার ছেলে। আহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকার রিফাত (২৩), বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকার রুবেল (৩০) এবং ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুল্লাহ (২৮)।
পুলিশ জানায়, সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর দাবি, মঙ্গলবার ভোরে গরু চুরির জন্য রামচন্দ্রপুর গ্রামে একটি পিকআপযোগে প্রবেশ করে দুর্বৃত্তরা। টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। ধাওয়ায় পিকআপ থেকে কয়েকজন পালিয়ে গেলেও চারজন ধরা পড়েন। এরপর বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ শহিদুল ইসলাম বলেন, আহতদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। শান্তকে মৃত অবস্থায় আনা হয় এবং বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সেখানে শান্তকে মৃত ঘোষণা করা করেন চিকিৎসক। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।