‘আমরা একে অপরকে শেখাতাম’: ভারতে একসঙ্গে পুলিশ কনস্টেবল হলেন বাবা-ছেলে

‘বয়স শুধু একটি সংখ্যা’— এ কথাটিরই বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন ভারতের উত্তর প্রদেশের হাপুর জেলার এক বাবা–ছেলে। একইসঙ্গে রাজ্য পুলিশের কনস্টেবল পদে উত্তীর্ণ হয়ে নজির গড়েছেন তারা।

৪১ বছর বয়সী যশপাল সিং নাগার ও তার ২১ বছর বয়সী ছেলে শেখর নাগার এখন যথাক্রমে বেরেলি ও শাহজাহানপুরে ১০ মাসের প্রশিক্ষণের অপেক্ষায় আছেন। তাদের বাড়ি হাপুর জেলার উদয় রামপুর নগলা গ্রামে, যা দিল্লি থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে।

৬০ হাজার পরীক্ষার্থীর মধ্যে এই বাবা–ছেলে দুজনও গত মাসে লক্ষ্ণৌতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন।

ছেলে শেখর বলেন, ‘আমি গর্বিত, কারণ আমার বাবা আমার সঙ্গে এই পরীক্ষায় পাস করেছেন। আমরা একসঙ্গে পড়েছি, একে অন্যকে প্রস্তুত হতে সাহায্য করেছি। তিনি আমাকে সাধারণ জ্ঞান শিখিয়েছেন, আমি তাকে দৌড় ও শারীরিক পরীক্ষার জন্য প্রস্তুত করেছি।’

শেখর একজন স্নাতক, আর যশপাল ভারতের সেনাবাহিনীর সাবেক হাবিলদার। ১৫ বছর সেনাবাহিনীতে চাকরির পর ২০১৯ সালে তিনি অবসর নেন। সাবেক সেনাসদস্য হওয়ায় তিনি বয়স ছাড় পেয়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

বাবা-ছেলে দুজনই প্রথাগত কোচিং না নিয়ে অনলাইনের ভিডিও ও ইউটিউব চ্যানেলের সাহায্যে প্রস্তুতি নেন। শেখর জানান, ‘আমরা গ্রন্থাগারে গিয়ে পড়তাম, কিন্তু কেউ জানত না আমরা বাবা–ছেলে।’

দুজনেই শুধু কনস্টেবল পদে পাস করেই থেমে যেতে চান না। তারা উপপরিদর্শক পদে উত্তীর্ণ হওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছেন। শেখর ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) পরীক্ষার জন্যও নিজেকে প্রস্তুত করছেন।