মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরও পরীক্ষা বন্ধ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। একইসঙ্গে তারা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করায় ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রথমে প্রধান ফটকে তালা দেন। এতে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা বাইরে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেন।
এর আগে তারা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এবং পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়ার জন্য অবস্থান নেন।
বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, ‘আপনাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’ তবে শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট হননি এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আন্দোলনকারী ছাত্রনেতা বাদশা আল কাওসার বলেন, ‘এত বড় মর্মান্তিক ঘটনার পরও শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিয়েছেন মধ্যরাতে, এটি অমানবিক। এই দায়িত্বজ্ঞানহীনতার দায়ে শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান ছাড়ছি না।’
সংঘাত এড়াতে শিক্ষা বোর্ড চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে পরিবেশ থমথমে রয়েছে।