শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও গায়েবি জানাজা

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পূর্ণ তালিকা প্রকাশ ও শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও গায়েবি জানাজা নামাজ আদায় করেছেন ময়মনসিংহের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেয় আনন্দ মোহন কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, রয়েল মিডিয়া কলেজ, নটর ডেম কলেজ, কমার্স কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভ শেষে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নগরীর টাউন হল জুলাই চত্বরে গিয়ে পুনরায় প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নিয়ানুল বাশার নাঈম, রিশাদুল আলম প্রিন্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী সব্যসাচী দাস।

তারা বলেন, যেখানে সারাদেশে রাষ্ট্রীয় শোক চলছে, সেখানে শিক্ষার্থীদের রাত তিনটায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে—এটা চরম অব্যবস্থাপনা। নিহতদের পূর্ণ তালিকা প্রকাশেও টালবাহানা চলছে। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ না হলে আগামীকাল (বুধবার) থেকে আরও কঠোর আন্দোলনে নামা হবে।

পরে শিক্ষার্থীরা মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা আদায় করেন।

সোমবার (২১ জুলাই) ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ১৬৫ জন।