মাইলস্টোন ট্রাজেডি

নিজের নাটক মুক্তি না দিতে আরশ খানের অনুরোধ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা জাতি। বহু হতাহতের ঘটনা ঘটেছে।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিক।

মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। কোমলমতি শিশুদের এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের মানুষ। শোকে বিহ্বল হয়ে পড়েছেন তারকারাও। দেশের এমন মর্মান্তিক এক ঘটনায় পরিচালক-প্রযোজকদের প্রতি নিজের নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ করেছেন ছোট পর্দার অভিনেতা আরশ খান।

সোমবার (২১ জুলাই) রাতেই সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে আরশ খান লিখেছেন, ‘সাধারণ জনগণের মানুষিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’

আরশ খান। ছবি: সংগৃহীত

এর আগে উত্তরার একটি হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসতে দেখা যায় আরশ খানকে। লাইভে এসে তিনি বলেন, ‘যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন, তাদের মধ্যে যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তারা এগিয়ে আসুন। পজিটিভ অনেক রক্ত পাওয়া গেছে, কিন্তু নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। এগিয়ে আসুন। বিশেষ করে উত্তরা মনসুর আলী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংগ্রহ করা হচ্ছে।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।