মাদারগঞ্জে সেফটি ট্যাংকি মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে একটি মসজিদের সেফটি ট্যাংকি মেরামতের সময় বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ট্যাংকির দেয়াল ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—জাঙ্গালিয়া এলাকার রাজমিস্ত্রি মেশারফ হোসেন (৪০) এবং জদু মিয়া (৩৫)। স্থানীয়রা ধারণা করছেন, ট্যাংকির ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামসহ কয়েকজন জানান, দুপুরে ওই দুই রাজমিস্ত্রি মসজিদের সেফটি ট্যাংকিতে কাজ করতে নামেন। দীর্ঘক্ষণ তাদের সাড়া-শব্দ না পেয়ে সহকর্মীরা ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল এসে ট্যাংকির দেয়াল ভেঙে ভেতর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, ট্যাংকিতে কাজ করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।