ইত্তেফাকে সংবাদ প্রকাশের জের

কিশোরগঞ্জে বেশি দামে সার বিক্রির সত্যতা মিললো, ৩ ব্যবসায়ীকে দণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ডিএপি (ড্যাপ) সারের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে কৃষকদের মাঝে সার বিক্রি করছিল খুচরা ব্যবসায়ী ও বিসিআইসি ডিলাররা। এ নিয়ে ইত্তেফাক অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযানের খবরে দোকান বন্ধ করে পালিয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী। তবে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনজনকে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে খুচরা ব্যবসায়ীদের দোকানে অভিযান চালিয়ে সার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা বাজারের সার ব্যবসায়ী আলমগীর হোসেন ও জাহাঙ্গীর আলম এবং বড়ভিটা বাজারের ভাই ভাই ট্রেডার্সের মালিক নাজমুল হুদা।

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, এর আগে বড়ভিটা বাজারের ভাই ভাই ট্রেডার্সের মালিক নাজমুল হুদাকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নাজমুল কৃষকদের মাঝে বেশি দামে সার বিক্রি করছিল এ কারণে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।অভিযানের খবর পেয়ে কিছু অসাধু ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান। ছবি: ইত্তেফাক

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, দোকানে লাইসেন্স ছাড়া সার বিক্রি, বেশি দাম নিয়ে কৃষকদের কাছে সার বিক্রি দোকানে মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অপরাধে ওই ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। আগামীতে কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন বিষয়ের জন্য অভিযান পরিচালনা করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত ১৫ জুলাই ‘নীলফামারীতে সারের কৃত্রিম সংকট, ১ হাজার ৫০ টাকার সার ১৭শ টাকায় বিক্রি’ শিরোনামে ইত্তেফাক অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘বিসিআইসি ডিলারদের গোডাউনে  পর্যাপ্ত পরিমাণে ড্যাপ সার মজুদ রয়েছে। তারপরও ডিলাররা কৃষকদের কাছে ড্যাপ সার মজুদ থাকার বিষয় অস্বীকার করছেন। তবে যে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী  অতিরিক্ত দাম দিয়ে সার কিনছেন তাদেরকে ম্যামো না দিয়ে ছোট্ট একটি টোকেন ধরিয়ে দিচ্ছেন ডিলাররা।’ প্রতিবেদন প্রকাশের ৮দিন পর এই অভিযান পরিচালিত হলো।