বাবার বাড়ি থেকে মিষ্টি কম দেওয়ায় গৃহবধুকে ‘হত্যা’, পালিয়েছে শ্বশুরবাড়ির সবাই

লক্ষ্মীপুরে কল্পনা আক্তার নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কল্পনার পরিবারের দাবি, কল্পনার সন্তান হওয়ার পর বাবার বাড়ি থেকে মিষ্টি কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে কল্পনার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের শহীদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কল্পনা মনু মিয়ার বাড়ির ওমান প্রবাসী মো. রোমানের স্ত্রী।

নিহতের ভাই আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, ৮ দিন আগে কল্পনার কন্যা সন্তান হয়েছে। সেজন্য গত মঙ্গলবার বাড়ি থেকে লোকজন তাকে দেখতে যায়। এ সময় মিষ্টিসহ বিভিন্ন জিনিপত্র নিয়েছে। সেগুলো কম হওয়ায় কল্পনার শ্বশুর-শাশুড়ি তাকে বিভিন্ন কথা শোনায়। হচ্ছে ওই ঘটনাকে কেন্দ্র করেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে আমাদের বাড়ির লোকজন গিয়ে তার মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে।

আলমগীর আরও বলেন, ১৬-১৭ বছর আগে পারিবারিকভাবে কল্পনা ও রোমানের বিয়ে হয়। তার স্বামী ওমান থাকে। সেই সুযোগে শ্বশুর-শাশুড়ি তাকে নানা ভাবে নির্যাতন-নিপীড়ন করে আসতো। ঘটনার বিষয়ে জানার জন্য চেষ্টা করেও গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম বলেন, শুনেছি গৃহবধু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ তার মরদেহ ফাঁস দেওয়া অবস্থায় পায়নি, ঘটনাটি তদন্ত চলছে। তার শ্বশুর বাড়ির লোকজনও আত্মগোপনে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।