পোল্যান্ডের নাগরিকদের ‘সম্ভব হলে’ রাশিয়া ত্যাগের পরামর্শ

রাশিয়ায় বসবাসকারী সকল নাগরিককে ‘সম্ভব হলে’ দেশটি ত্যাগ করার জন্য জোরালোভাবে সুপারিশ করেছে পোল্যান্ড। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পরামর্শ জারি করে নাগরিকদের এই পরামর্শ দেওয়া হয়েছে।

ইউক্রেন সংঘাত এবং পরস্পরের বিরুদ্ধে কূটনৈতিক বিধিনিষেধের মধ্যে মস্কো-ওয়ারশ সম্পর্ক ঐতিহাসিকভাবে তলানিতে পৌঁছে যাওয়ার পর এই সতর্কতা জারি করা হলো।

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি অনুসারে মন্ত্রণালয় রাশিয়ায় সমস্ত ভ্রমণের বিরুদ্ধেও সতর্ক করে। বিবৃতিতে ইউক্রেন সংঘাত এবং রাশিয়ার পোল্যান্ডকে 'শত্রু রাষ্ট্র' হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে।

পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে রাশিয়া-বিরোধী পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে। দেশটি ইউক্রেনের অন্যতম কট্টর সমর্থকও। ২০২২ সালে দেশটিতে 'বন্ধুত্বহীন রাষ্ট্র' হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া। এই তালিকাভুক্তির ফলে রাশিয়ান কর্তৃপক্ষ কূটনৈতিক মিশনের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে এবং প্রায়শই বাণিজ্য ও আর্থিক লেনদেনের ওপর সীমাবদ্ধতা আরোপ করে।

ফলস্বরূপ পোল্যান্ডের মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ায় বসবাসকারী পোলিশ নাগরিকদের (বানিজ্যিক এবং ব্যক্তিগত উপায়ে) রাশিয়ার অঞ্চল ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে - যদি না তাদের ব্যক্তিগত, পারিবারিক বা পেশাগত পরিস্থিতির কারণে রাশিয়ায় থাকার প্রয়োজন হয়।

পোলিশ কর্মকর্তারা কূটনৈতিক মিশন বন্ধের কারণে নাগরিকদের সরাসরি কনস্যুলার সহায়তার ক্ষেত্রে সম্ভাব্য সমস্যার বিষয়েও সতর্ক করেছেন। এর ফলে দর্শনার্থীদের 'খুব দূরবর্তী কনস্যুলার অফিসে ভ্রমণ করতে' হতে পারে।

এই পরামর্শে রাশিয়ায় পোলিশ নাগরিকদের মুখোমুখি হওয়া বেশ কয়েকটি বাধা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট স্থগিতকরণ, ভ্রমণের সীমিত বিকল্প এবং পোলিশ ব্যাংক কার্ডের মাধ্যমে তহবিল সুবিধা পেতে অসুবিধা।

পোল্যান্ড আরও দাবি করে, রাশিয়ায় থাকাকালীন পোলিশ নাগরিকদের 'যথেচ্ছ আটক' করা হতে পারে। যদিও রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, গত কয়েক বছর ধরে দেশে কোনো পোলিশ নাগরিককে আটক করার কোনো হাই-প্রোফাইল ঘটনা ঘটেনি।

২০২২ সালে ইউক্রেন সংঘাতের তীব্রতা বৃদ্ধির পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। মে মাসে পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি ক্রাকোতে রাশিয়ান কনস্যুলেট বন্ধের ঘোষণা দেন। তিনি ২০২৪ সালে ওয়ারশ-এর একটি শপিং মলে অগ্নিকাণ্ডের সাথে মস্কোর জড়িত থাকার অভিযোগ তোলেন - রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

এর প্রতিক্রিয়ায় রাশিয়া এই মাসের শুরুতে ওয়ারশ'র 'শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের' উল্লেখ করে আগস্টের শেষ থেকে কার্যকরভাবে কালিনিনগ্রাদে পোল্যান্ডের কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয়।