প্রথমবারের মতো নারী এএফসি এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরে ১২ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টর্নামেন্টটি। আসন্ন আসরের ড্র হবে আগামী ২৯ জুলাই সিডনি হারবারে। এই ড্রয়ের জন্য দলগুলোকে চার ভাগ করা হয়েছে। গতকাল এশিয়ান ফুটবল কনফেডারেশন মূল পর্বের ড্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে সেই পট তালিকা প্রকাশ করেছে।
যেখানে দেখা গেছে, গেল জুন মাসের ফিফা র্যাংকিংয়ের ভিত্তিতে অংশগ্রহণকারী দলগুলোর সিডিং ও পট সাজিয়েছে এএফসি। তাতে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাওয়া বাংলাদেশ নারী দলের পটে রয়েছে দুই শক্তিশালী দল ইরান ও ভারত।
আসন্ন নারী এশিয়ান কাপে গেল আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান-সহ স্বাগতিক অস্ট্রেলিয়া সরাসরি অংশ নিয়েছে। এছাড়া বাকি ৮ দল বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এই তালিকায় সবার আগে ইতিহাস গড়ে বাছাইপর্ব পেরিয়েছে বাংলাদেশ। আর সব শেষ ১২তম দল হিসেবে জায়গা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইরান। তারপর শুরু হয়েছে আনুষ্ঠানিক ড্রয়ের কার্যক্রম।
গতকাল প্রকাশিত এএফসির ড্র পট অনুসারে আয়োজক অস্ট্রেলিয়া হচ্ছে 'এ' গ্রুপের শীর্ষ দল। তারা রয়েছে পট ১ এ। এছাড়া এই পটে অন্য দুই দল জাপান ও কোরিয়া। তাতে ড্র অনুষ্ঠিত হলে জাপান ও কোরিয়া 'বি' কিংবা 'সি' গ্রুপের প্রথম দল হবে। এদিকে গেল আসরের চ্যাম্পিয়ন দল চীন রয়েছে দ্বিতীয় পটে। এই পটের অন্য দুই দল দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। তিন নম্বর পটে রয়েছে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান।
এশিয়া কাপ নিশ্চিত করা দলগুলোর মধ্যে বাংলাদেশের র্যাংকিং সবচেয়ে বেশি। এ জন্য চার নম্বর পটে। এই পটে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও ইরান। নিয়ম অনুসারে ড্র অনুষ্ঠানে প্রতি পট থেকে একটি করে দল নিয়ে চার দলের একটি করে গ্রুপ পূর্ণ হবে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স-আপের সঙ্গে তিন গ্রুপের তৃতীয় স্থানে থাকা শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। তৃতীয় পটে থাকা ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের মধ্যকার একটি দলের সঙ্গে খেলা পড়বে আফঈদাদের। খানিকটা কম শক্তির দল হওয়ায় ঐ ম্যাচেই জয় তুলে নিতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। কারণ এক ম্যাচ জিতলে কোয়ার্টারে খেলার সম্ভাবনা থাকবে।
তবে বাকি দলগুলোর সঙ্গে গ্রুপ পর্বে খেলা পড়লে জয় পেতে বেশ কষ্টই হয়ে যাবে আফঈদাদের। তবে স্বপ্ন দেখা যেতেই পারে। কেননা এই টুর্নামেন্টে দলের ইংলিশ কোচ পিটার বাটলারের লক্ষ্য শীর্ষ ছয়ে থাকা। কারণ এই টুর্নামেন্টের শীর্ষ ছয় দল যোগ্যতা অর্জন করতে পারবে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলার।
নজরে ড্রয়ের চার পট
পট ১: অস্ট্রেলিয়া (১৫), জাপান (৭), উত্তর কোরিয়া (৯)
পট ২: চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), ভিয়েতনাম (৩৭)
পট ৩: ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১)
পট ৪: ইরান (৬৮), ভারত (৭০), বাংলাদেশ (১২৮)